আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইমাম আলী (আ.)-এর শাহাদাতের চৌদ্দ শ’ বছর পার হয়ে যাবার পরও
মনে হয় যেন তিনি আমাদের যুগেরই একজন মানুষ। তাঁর এক একটি বৈশিষ্ট্য সূর্যের আলোর
ন্যায় মানুষের জীবনকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে থাকে। যদি আমিরুল মুমিনীন আলী (আ.)
সম্পর্কে বর্ণিত আয়াতগুলিকে অন্তরের চক্ষু দিয়ে প্রত্যক্ষ করি তাহলে কোরআনের দর্পণে
ইমাম আলী (আ.)-কে দেখতে পাই।
(দ্বিতীয় পর্ব)
দান
الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
যারা স্বীয় ধন-সম্পদ দান করে, রাত্রে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। তাদের জন্যে তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে। তাদের কোন আশংঙ্কা নেই এবং তারা চিন্তিত ও হবে না। (সূরা বাকারা, আয়াত নং: ২৭৪) শিয়া মুফাসসিরগণ ছাড়াও আহলে সুন্নাতের আলেমগণও এই আয়াতের তাফসীরে মনে করেন আয়াতটি হযরত আলী (আ.) কে কেন্দ্র করে নাযিল হয়েছে। তাদের মধ্যে আছেন, ইবনে আসাকের, তাবারানী, ইবনে হাতেম, ইবনে জারির, এবং ইমাম ফাখরে রাযীর মত ব্যক্তিত্ব। (তাফসীরে নূরুস সাকালাইন, খণ্ড ১, পৃষ্ঠা ২৯০-২৯১।)
আয়াতটির শানে নুযুলে যে ঘটনাটি বর্ণিত হয়েছে তা নিম্নরূপ:
আমিরুল মুমিনীন (আ.)-এর নিকট চারটি দিরহাম ছিল। এখান থেকে এক দিরহাম দিনে, এক দিরহাম রাতে, এক দিরহাম গোপণে এবং এক দিরহাম প্রকাশ্যে দান করেন। এমনটির পিছে কারণ ছিল এই চার ধরণের দানের চার রকম সওয়াব এবং কখনও কখনও ভিন্ন পরিস্থিতিতে এগুলির প্রয়োজন হতে পারে এজন্য হযরত এই চার ধরনের দান আঞ্জাম দেন।
শ্রুতিধর কর্ণ
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ
যেন আমরা এটিকে (অত্যাচারী ও অহংকারীদের প্রতি আযাব নাযিল হওয়াকে) তোমাদের জন্য স্মরণীয় বিষয় বানাতে পারি, এবং শ্রুতিধর কান যেন এটি মনে রাখতে পারে। (সূরা হাক্কাহ, আয়াত নং: ১২।) কতিপয় শিয়া মুফাসসিরগণ এই আয়াত হযরত আলী (আ.)-এর ব্যক্তিত্ব সম্পর্কে নাযিল হওয়ার বিষয়ে সুন্নি ও শিয়াদের সূত্রে ত্রিশটি হাদিস বর্ণনা করেছেন, যা ইমাম আলী (আ.)-কে নবীদের রহস্যসমূহের ধারক এবং আল্লাহর রাসুল (সা.)-এর সকল জ্ঞানের উত্তরাধিকারী হিসেবে পরিচয় করিয়ে দেয়। (তাফসীরে কুরতুবী, খণ্ড ১, পৃষ্ঠা ৬৭৪৩, মাজমাউল বায়ান, রুহুল বায়ান, রুহুল মা’আনী, আল-মিজান ও তাফসীরে আবুল ফুতুহে রাযিতে এই সূরা মা’আরিযের ১২ নং আয়াতের ব্যাখ্যায় দেখুন।) হাদিসটি এরূপ, রাসুল (সা.) وتعیها أذن واعیة এই আয়াতটি নাযিল হওয়ার সময় বলেন: আমি আল্লাহর নিকট দোয়া করেছি তিনি যেন আলী (আ.)-এর কর্ণদ্বয়কে শ্রুতিধর ও ন্যায়ানুগতার ধারক করে দেন। অতঃপর আলী (আ.) বললেন: এর পর থেকে রাসুলের (সা.) কোন কথাই আমি ভুলে যাইনি বরং তা মুখস্থ করেছি। (মানাকিবে ইবনে মাগাযালী, পৃষ্ঠা ২৬৫।)
সৎকর্মশীলের মর্যাদা
إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِن كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا... ... وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا. إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا .
নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র।... ... তারা [প্রয়োজন থাকা সত্ত্বেও] আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে [নিজেদের] আহার্য দান করে। তারা বলে: কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। (সূরা দাহর, আয়াত নং ৫, ৭ ও ৮) আহলে সুন্নতের বিখ্যাত ৩৪জন আলেম নিজেদের হাদিস গ্রন্থ থেকে একটি হাদিস বর্ণনার মাধ্যমে এই আয়াতগুলিকে ইমাম আলী (আ.) এবং তাঁর পরিবারের ত্যাগ সম্পর্কিত বলে উল্লেখ করেছেন। (আল-গাদির, খণ্ড ৩, পৃষ্ঠা ১০৭; এহকাকুল হাক, খণ্ড ৩, পৃষ্ঠা ১৫৭ থেকে ১৭১।) সকল শিয়া আলেমগণ সূরা দাহরের আঠারোটি আয়াতকে হজরত আলী (আ.), ফাতিমা যাহরা (সা.আ.) এবং তাদের সন্তানদের অনন্য সম্মান ও ফজিলত কেন্দ্রিক বলে বিশ্বাস করেন। (তাফসীরে নেমুনেহ, খণ্ড ২৫, পৃষ্ঠা ৩৪৫।) আয়াতগুলির শানে নুযূল ছিল নিম্নরূপ: ইমাম হাসান ও ইমাম হুসাইন অসুস্থ ছিলেন। ইমাম আলী ও হযরত ফাতেমা যাহরা মানত করলেন, যখনই তাদের সন্তান আরোগ্য লাভ করবে তারা ৩দিন রোজা রাখবেন। আরোগ্য লাভের পর তারা পুরো পরিবার তিন দিনের রোজার নিয়ত করলেন এবং তিন দিনই ইফতারের সময় ক্রমান্বয়ে মিসকিন, এতিম ও বন্দি এসে দরজায় কড়া নাড়ে। এই পবিত্র পরিবার তিন দিনই তাদের নিজেদের ইফতার ও সেহরির আহার্যকে আল্লাহর রাস্তায় তাদেরকে দান করে দেন। তিনদিন তারা কোন প্রকার সেহরি ও ইফতার ব্যতীত রোজা রাখেন। এরপর এই সূরার ৫ থেকে ৩২নং আয়াত তাদের শানে নাযিল হয়। (তাফসিরে আহসানুল-হাদিস, খণ্ড ১২, পৃষ্ঠা ২৭৪; আল-জাদীদ, খণ্ড ৭, পৃষ্ঠা ২৮৩; হুজ্জাতু তাফাসীর, খণ্ড ৭, পৃষ্ঠা ১৩৯; আল-কাশিফ, খণ্ড ৪, পৃষ্ঠা ৬৭০; কাশফুল আসরার, খণ্ড ১০, পৃষ্ঠা ৩১৯। )
আল্লাহর পথে মুজাহিদ
أَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَاجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَجَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ ۚ لَا يَسْتَوُونَ عِندَ اللَّهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
তোমরা কি হাজীদের পানি সরবরাহ করা ও মসজিদুল-হারাম বানানো মত কাজকে আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাহে যুদ্ধ করার সাথে তুলনা কর, এগুলি আল্লাহর দৃষ্টিতে সমান নয়, আর আল্লাহ জালেমদের হেদায়েত করেন না। (সূরা তওবা, আয়াত নং ১৯।)
আহলে সুন্নতের প্রসিদ্ধ আলেম হকিম আবুল কাসেম হাসকানী, বুরায়দা হতে একটি হাদিস বর্ণনা করেন, একদিন শাইবা এবং আব্বাস একে অপরের উপর গৌরব করছিল। আলী (আ.) তাদের পাশ অতিক্রম করছিলেন। তাদেরকে এমনটি করতে দেখে তিনি তাদের কাছে জিজ্ঞাসা করলে আব্বাস বলেন: আমার যে গৌরব রয়েছে তা অন্য কারো নেই, আর তা হচ্ছে আল্লাহর ঘরের হাজীদেরকে পানি দান করা। শাইবা বলল: আমি মসজিদুল হারামের সংস্কারক এবং এর আমার নিকটই থাকে । আলী (আ.) বললেন: আমি আপনাদের জন্য লজ্জিত, আমি আমার এই স্বল্প বয়সেও খুবই নগণ্য গৌরব রাখি, যা অবশ্য আপনারা রাখেন না। তারা জিজ্ঞাসা করল: কিসের গৌরব? তিনি বললেন: আমি তরবারি দিয়ে জিহাদ করেছি যাতে আপনারা আল্লাহ এবং পয়গম্বরের (সা.) প্রতি ঈমান আনতে পারেন। আব্বাস রাগন্বিত হয়ে উঠে গেল এবং রাসুলুল্লাহ (সা.)-এর নিকট [অভিযোগ জানাতে] এল। বলল: আপনি কি দেখছেন না আলী আমার সাথে কিরূপ কথা বলেছে? পয়গম্বর (সা.) আলী (আ.)-কে ডেকে পাঠান এবং তাঁর নিকট ঘটনার বিস্তর জানতে চান। সে সময় হযরত জিবরাইল (আ.) নাযিল হন এবং বলেন: হে মুহাম্মদ! আল্লাহ আপনার প্রতি সালাম পাঠিয়েছেন এবং তাদেরকে এই আয়াতটি পাঠ করে শোনাতে বলেছেন: أجعلتم سقایة الحاج … (তাফসীরে তাবারী,তাফসীরে খাযেন বাগদাদী, বাগাভী রচিত মা’আলিমুত তানযিল, মানাকিবে ইবনে মাগাযেলী, জামেউল উসুলে ইবনে আসির, এই হাদিস সম্পর্কে আরও ব্যাখ্যা এবং এর প্রমাণের বিশদ বিবরণের জন্য, মরহুম শুশতারীরর এহকাক আল-হক, খণ্ড ৩, পৃষ্ঠা ১২২ থেকে ১২৭ দেখুন।)#176
(সমাপ্ত)